নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে দলটির জার্মানি শাখা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখা, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের জন্য তাকে ভূষিত করা হয় এই উপাধিতে।
শনিবার (২ মে) জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে বিএনপির জার্মানি শাখা আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের বিজয় এবং শুকরিয়া অনুষ্ঠান থেকে তারেক রহমানকে এ উপাধিতে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম যখন তারেক রহমানকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন, তখন উপস্থিত নেতা-কর্মীরা মুহুর্মুহু করতালির মাধ্যমে ও দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন এবং ঘোষণাকে স্বাগত জানান।
এর আগে জার্মানি বিএনপির নেতারা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে দেশ ও প্রবাস থেকে ভোট দিয়ে জয়ী করায় দলের কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।