নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে এফবিসিসিআইয়ের সদস্য, আন্তর্জাতিক চামড়া ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশ্লেষক ওমর ফারুক সুমনের মালিকানাধীন ‘এ এন জাহান কর্পোরেশন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে এ হামলা চালানো হয়। দুর্বৃত্তরা অফিসের বাইরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান মালামাল ভাঙচুর করে এবং অফিসের কম্পিউটার হার্ড ডিস্ক, সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
হামলার বিষয়টি নিশ্চিত করে ‘এ এন জাহান কর্পোরেশন’ এর ম্যানেজার মো. রনি আহমেদ জানান, হামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়ে থাকতে পারে। হামলাকারীরা সবাই হেলমেট পরিহিত ছিলো, তবে আশেপাশের লোকজন হামলাকারীদের কাউকে কাউকে চিনতে পেরেছে বলে জানিয়েছে। অন্যদিকে দুর্বৃত্তরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ বা সরাসরি নাম প্রকাশ করতে চায়নি। এদিকে কেন এ হামলা করা হয়েছে এবিষয়ে কেউই অবগত নন।
হামলার পর নিরাপত্তাজনিত কারনে অফিসটি আপাতত বন্ধ রাখতে হয়েছে বলেও জানায় অফিসের ম্যানেজার। প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুক সুমন অসুস্থতাজনিত কারনে হাসপাতালে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বাড়ির মালিক ও স্থানীয় ব্যবসায়ী নেতারা মামলার প্রস্তুতি নিচ্ছেন জানান ম্যানেজার রনি আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজারীবাগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, চাঁদা দাবির কারনে ব্যবসায়িক মহল আতংকের মধ্যে আছেন।
পুলিশ বলছে, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এধরণের অপকর্মে যারা যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।