
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ৪১টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। যার মধ্যে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিসহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়ন ও যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।
রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন। এ সময় যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন, পাকিস্তান, কসোভো, তুরস্ক, মালয়েশিয়া, শ্রীলংকা, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইতালি, সিঙ্গাপুর, মালদ্বীপ, ইরান, কানাডা, আলজেরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, জাপান, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভুটান, সুইজারল্যান্ড, স্পেন, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, জাতিসংঘ, ইউএনডিপি, আইআরআই, এনডিআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এমএলওসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ-সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।