
নিজস্ব প্রতিবেদক: আমীর হোসাইন চৌধুরী একজন নিষ্ঠাবান অক্লান্ত কর্মবীর। বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণ এবং বন নির্ভরশীল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তার ভূমিকা সর্বমহলে প্রশংসনীয়। ২৫ মার্চ ২০২০ সালে বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি আগস্ট ২০১৯ সাল থেকে উপ প্রধান বন সংরক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ কর্মময় জীবনের প্রতিটি সেক্টরেই তিনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট অধিদপ্তরের সকলেই মনে করেন, তিনি দায়িত্ব গ্রহণের পর এ প্রতিষ্ঠানে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে।
২২তম বিসিএস (বন) ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ২০০৩ সালে তিনি সহকারী বন সংরক্ষক পদে যোগদান করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়া আমীর চৌধুরী ২০১২ সালে ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়া থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।
বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, প্রশিক্ষণ এবং কর্মশালায় বন ব্যবস্থাপনা, বন পুনরুদ্ধার, বন পর্যবেক্ষণ, ওয়াইল্ডলাইফ সংরক্ষণ বিশেষত বেঙ্গল টাইগার, ইকোট্যুরিজম, জলাভূমি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশের কর্মশালায় অংশগ্রহণ করেন।
সর্বোপরি আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও জনগণের অংশগ্রহণে টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনের আচ্ছাদন বৃদ্ধি, প্রতিবেশগত সেবার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।